ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ ছাত্র মারা যান। বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয় দিনটি।
আজ শনিবার সেই ভয়াল ১৫ অক্টোবর। এ উপলক্ষে সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হবে। অর্ধনমিত রাখা হবে বিশ্ববিদ্যালয়ের পতাকা। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে সকাল সাড়ে সাতটায় অপরাজেয় বাংলার সামনে থেকে শোক মিছিল করবেন। মিছিলটি জগন্নাথ হলের স্মৃতিসৌধে যাবে, সেখানে তাঁরা ফুল দিয়ে ও নীরবতা পালনের মাধ্যমে নিহত লোকজনকে স্মরণ করবেন।
সকাল আটটায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশনকক্ষে আলোচনা সভা হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রার্থনা সভার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও হলের মসজিদগুলোতে নিহত লোকজনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া, সকাল ১০টা থেকে দিনব্যাপী জগন্নাথ হলে নিহত লোকজনের তৈলচিত্র ও বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শিত হবে। সকালে রক্তদান কর্মসূচি রয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গান, শোকসংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।