ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মনিরুজ্জামান মিঞা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, বনানীতে বাবার কবরে তাঁকে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে। আসাদুজ্জামান বলেন, দুই দিন আগে তাঁর ভাইকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, কাল সকালে তাঁকে বনানীর বাসায় নেওয়া হবে। সেখান থেকে লাশ নেওয়া হবে তাঁর কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। বাদ জোহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে প্রথম জানাজা হবে। এরপর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মনিরুজ্জামানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে। তাঁরা যদি কিছু করতে চান সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার।
মনিরুজ্জামান মিঞাকে লোকচক্ষুর অন্তরালে রাখা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রম (আলঝাইমার) রোগে ভুগছিলেন।
মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তাঁকে লোকচক্ষুর অন্তরালে রাখা হয়েছিল। তিনি ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন।