ক্যানসার চিকিৎসার নামে প্রতারণার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বাইজিদ আলমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। গত বছর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তে তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বাইজিদ আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে চাকরিচ্যুতির বিধান রয়েছে। তাই তাঁকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন: কলা অনুষদের ডিন সদরুল আমিন, সিন্ডিকেট সদস্য এ এফ এম মেজবাহউদ্দিন, সিনেট সদস্য মাহফুজা খানম ও অভিযুক্ত শিক্ষকের একজন প্রতিনিধি। উপাচার্য বলেন, প্রথম আলোয় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন ও ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যানুসন্ধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছরের ১৪ জুলাই প্রথম আলোয় ‘ক্যানসারের চিকিৎসার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রতারণা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বাইজিদ আলমের কাছে চিকিৎসা নিতে এসে প্রতারিত তিনটি পরিবারের ঘটনা তুলে ধরা হয়। এরপর বিষয়টি নিয়ে ওই বছরের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন মো. ইসমাঈল খানকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রায় এক বছর পর গত মে মাসে কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বাইজিদ আলমের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। ১৯৯০ সালের ৮ এপ্রিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ছয় বছর আগে তিনি হঠাৎ করেই নিজেকে ক্যানসারের চিকিৎসক বলে দাবি করেন এবং পত্রিকায় এ বিষয়ে একটি সাক্ষাৎকার দেন। এরপর শুরু করেন অদ্ভুত ধরনের এক চিকিৎসা।তথ্যানুসন্ধান কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগী তিনটি পরিবার ও শিক্ষক বাইজিদ আলমের বক্তব্য রয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক মো. ইসমাঈল খান বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়াই ওই শিক্ষক চিকিৎসা করে বেআইনি কাজ করেছেন। সব পক্ষের সঙ্গে কথা বলে কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাইজিদ আলম প্রতারণার আশ্রয় নিয়েছেন।এ ব্যাপারে শিক্ষক বাইজিদ আলমের সঙ্গে মুঠোফোনে গতকাল রাতে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।