ছাত্রীকে লাথি-গালি: নারী শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে
‘কক্ষ দখল’ করতে গিয়ে বাধ্যতামূলক ছুটি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়েষা মাহমুদা। এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁকে বাধ্যতামূলক ছুটি দেয়।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সিন্ডিকেটের সর্বশেষ বৈঠকে ওই নারী শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, সম্প্রতি অধ্যাপক হওয়া আয়েষা মাহমুদা বিভাগের অন্য এক শিক্ষকের সঙ্গে একই কক্ষে বসতেন। কিন্তু তিনি একা সেই কক্ষে থাকতে চেয়েছিলেন। এজন্য তিনি অপর শিক্ষক জামিউন নাহারকে কক্ষটি খালি করে দিতে বলেন।
বিভাগের শিক্ষার্থী ও একাধিক শিক্ষকের অভিযোগ ছিল, আয়েষা মাহমুদা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। পাশাপাশি জামিউন নাহারের সঙ্গে কেউ দেখা করতে গেলে তাঁর সঙ্গেও বাজে ব্যবহার করতেন, যাতে তিনি শিগগিরই কক্ষটি ছেড়ে দেন।
গত ১৮ ফেব্রুয়ারি আয়েষা স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। প্রজেক্টের কাজে তত্ত্বাবধায়ক জামিউন নাহারের সঙ্গে তাঁর কক্ষে দেখা করতে গেলে তিনি (আয়েষা) ওই ছাত্রীকে কোনো কারণ ছাড়াই লাথি মারেন এবং ‘অবমাননাকর’ গালি দেন। পরে ২০ ফেব্রুয়ারি ওই ছাত্রী বিভাগের চেয়ারম্যান ও উপাচার্যের কাছে অভিযোগ করেন। সেদিন বিভাগের অন্য শিক্ষার্থীরা আয়েষা মাহমুদাকে প্রায় আধঘণ্টা তালাবদ্ধ করে রাখেন।
সিন্ডিকেট বৈঠক সূত্র জানায়, এসব অভিযোগের ভিত্তিতে আয়েষাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।