ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বাতিলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বাতিল এবং ভিসিকে সরকারের আজ্ঞাবহ করার বিধানসংবলিত একটি অধ্যাদেশের খসড়া তৈরি করার পরিকল্পনা হয়েছিল। মুখ্যমন্ত্রী নূরুল আমীন এই খসড়া তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অবাঙালি ডিন ড. আই এইচ জুবেরিকে।
১৯৫২ সালের ১ মার্চ ঢাকার আমেরিকান কনসাল জন ডব্লিউ বাউলিং ওয়াশিংটনকে ওই তথ্য জানিয়েছিলেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘এ তথ্য খুবই অভিনব। আমাদের এটা জানা ছিল না। তবে এটা তখনই শুনেছিলাম যে, অধ্যাপক জুবেরি অধ্যাপক মুনীর চৌধুরী ও অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে ভূমিকা রেখেছিলেন।
বাউলিং তাঁর ওই প্রতিবেদনে উল্লেখ করেছিলেন যে, ‘ইউসুফ আলি চৌধুরী (মুসলিম লীগ নেতা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন জুবেরিসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্ট তৎপরতা সম্পর্কে সজাগ ছিলেন। তাঁরা আবেদন করছেন যে, সরকারের জন্য প্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা। সেখানে একটি শুদ্ধি অভিযান চালানো এবং বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠিত করা। শনিবার সকালে ভিসি প্রকাশ্যে ছাত্রদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তিনি পদত্যাগ করতে পারেন এই ভেবে নুরুল আমীন শঙ্কিত আছেন। তাই তিনি ভিসির এই আশ্বাসে একমত হয়েছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিস্টদের নিয়ন্ত্রণে নেই। নূরুল আমীন ড. আই এইচ জুবেরির দেওয়া পরামর্শের সঙ্গে একমত হন এবং তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন তুলে নেওয়া এবং ভিসি পদকে সরকারের আজ্ঞাবহে পরিণত করার বিধান এনে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করতে বলেছেন। এই অধ্যাদেশ তৈরির উদ্যোগের পটভূমিতে জুবেরি এবং অন্যান্য কমিউনিস্টবিরোধীরা ভিসি ড. হোসেনকে গ্রেপ্তারের হুমকি দেন। এমনকি ভিসির কাছ থেকে এই আশ্বাসও আদায় করেন যে, উদ্ভূত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন না। বিশ্ববিদ্যালয় বন্ধের প্রস্তাবেরও বিরোধিতা করবেন না। বুধবার নির্বাহী পরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধের প্রস্তাব তোলা হবে।’ (গত ৭ ফেব্রুয়ারি ভিসি ড. এস এম হোসেনকে ভুলক্রমে অবাঙালি উল্লেখ করা হয়েছিল, তিনি বাঙালি।)
ঢাকার মার্কিন কনসাল তাঁর ওই প্রতিবেদনে আরও উল্লেখ করেছিলেন যে, ‘পুলিশ ইতিমধ্যে ছাত্রাবাসগুলোতে ব্যাপক অভিযান চালিয়েছে। তারা বহু ছাত্রকে গ্রেপ্তার করেছে এবং ছাত্রাবাসগুলোতে তল্লাশি চালিয়েছে। যুবলীগের সদর দপ্তরেও একই ধরনের পুলিশি তৎপরতা চলে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, যেসব সাক্ষ্যপ্রমাণ উদ্ধার করা হয়েছে তাতে স্পষ্টতই ফেব্রুয়ারির দাঙ্গার সঙ্গে কলকাতার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সদর দপ্তর এবং পশ্চিম পাকিস্তানে অবস্থিত কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। ছয়জন অধ্যাপক এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মার্কিন ভিসা পেতে আগ্রহী ছিলেন, এমন একজন শিক্ষককেও গ্রেপ্তারের চেষ্টা করা হয়। এ ধরনের পুলিশি তৎপরতার দুর্বলতা সম্ভবত সবচেয়ে বিপজ্জনক কমিউনিস্ট অধ্যাপক ড. এম এ হুদাকে গ্রেপ্তার করতে না পারা। এর কারণ তিনি পাকিস্তানের গণপরিষদের স্পিকারের আত্মীয়। অন্য একজন গ্রেপ্তারকৃত শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ ধনী ও রক্ষণশীল পরিবারের চাপ ছিল। নির্বাহী পরিষদ থেকে কমিউনিস্ট শিক্ষকদের সরিয়ে দিতে পারলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া এবং ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রাবাস খালি করার মতো প্রস্তাব পাস করানো সম্ভব হবে। এভাবে যদি ছাত্রদের ছত্রভঙ্গ করা সম্ভব হয় তাহলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমবে।’ ওই প্রতিবেদনেই দেখা যায়, ৫ মার্চে ‘শহীদ দিবস’ পালনকালে পুনরায় দাঙ্গা বাধার আশঙ্কা করেছিলেন মার্কিন কনসাল।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বায়ান্নর সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম। মার্কিন নথিতে যেভাবে অধ্যাপকদের কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে তা ঠিক নয়। তাঁরা প্রগতিশীল ছিলেন, কমিউনিস্ট ছিলেন না। ড. এম এ হুদা হিসাবে যাকে বলা হয়েছে, তিনি ছিলেন এম এন হুদা। তাঁকে “বিপজ্জনক কমিউনিস্ট” হিসেবে উল্লেখ করা একেবারেই ভুল। তিনি সরকারপন্থী ছিলেন। মোনেম খানের অর্থমন্ত্রী এমনকি এক দিনের জন্য পূর্ব পাকিস্তানের গভর্নরও হয়েছিলেন।’ (এম এ হুদা নামের অন্য কোনো শিক্ষক ছিলেন কি না জানা যায় না, যার কথা মার্কিন কনসাল উল্লেখ করেছেন)।