ঢাকা-বুদাপেস্ট সম্পর্ক জোরদারে ৫টি ক্ষেত্র চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ এবং হাঙ্গেরি ভবিষ্যতে তাদের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক পুনঃস্থাপন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতার পাঁচটি ক্ষেত্র শনাক্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তাদের মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ২০১৮ সালের মধ্যে কূটনৈতিক মিশন অথবা কনস্যুলেট অফিস খোলার ইঙ্গিত দিয়েছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর এটি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে কসুত স্কয়ারে হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে তারা দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করতে কৃষি, পানি ব্যবস্থাপনা এবং সরকারি পর্যায়ে আলোচনার বিষয়ে সহযোগিতার জন্য তিনটি চুক্তি করতে সম্মত হয়েছেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে উভয় নেতা এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে দূরত্ব কোন বাধা হয়ে দাঁড়াবে না। দুটি দেশই সহযোগিতার ক্ষেত্রে আন্তরিক। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহসিকতার রোল মডেল হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণে তাঁর পরিবারের সংগ্রাম ও সহযোগিতার কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে ওরবান বলেন, তার দেশ একাধিক ক্ষেত্রে বিশেষ করে, পানি ব্যবস্থাপনা, কৃষি ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাঙ্গেরি এই ভোগান্তি নিরসনে বাংলাদেশকে সহায়তা করতে পারে।

শেখ হাসিনা ভিক্টরের বক্তব্যের উল্লেখ করে বলেন, তাঁর সরকার যথাশিগগির সম্ভব ঢাকায় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য এবং দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।