ঢাকা-বেইজিং ঘনিষ্ঠতায় চাপে পড়বে নয়াদিল্লি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠতায় চাপে পড়তে পারে ভারত। দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশল নিয়ে নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হতে পারে। চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতকে উৎসাহী করতে পারে। গতকাল বুধবার চীনা গণমাধ্যমে এমনটাই বলা হয়েছে। বার্তা সংস্থা আইএএনএস এই তথ্য জানায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাল শুক্রবার সকালে কম্বোডিয়া থেকে বাংলাদেশ সফরে আসছেন। পরদিন সকালে তিনি ঢাকা থেকে ভারতের গোয়ায় যাবেন। সেখানে দুই দিনের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করছেন। এই সফরকে ইতিমধ্যে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করা হয়েছে।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছে, ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বন্ধনবৃদ্ধি নিয়ে নয়াদিল্লির ঈর্ষাকাতর হওয়ার প্রয়োজন নেই। শি জিনপিংয়ের ঢাকা সফরের অর্থ ভারতের বলয় থেকে বাংলাদেশকে ছিনিয়ে নেওয়া বলে চিন্তা করা ভুল হবে।

সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশের স্থানীয় অবকাঠামো এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার অগ্রগতি ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে যুক্ত হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

গ্লোবাল টাইমস লিখেছে, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারত যদি দক্ষিণ এশিয়ায় তাদের কৌশল নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার চাপে পড়ে, তাহলে ব্যাপারটা মন্দ হবে না। এই চাপ ভারতকে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নেও উৎসাহী করতে পারে।