ঢাকা-বেতাগী রুটে বাস চলাচল বন্ধ চার মাস
বরগুনার বেতাগী উপজেলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল প্রায় চার মাস ধরে বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বাসশ্রমিকদের অভিযোগ, জেলা মিনিবাস মালিক সমিতির কর্মকর্তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে বেতাগী-ঢাকা রুটে সরাসরি চলাচল করা বাসগুলো বন্ধ করে দিয়েছেন। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্যেও মন্দাভাব দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী উপজেলা সদর থেকে ঢাকায় প্রতিদিন আটটি বাস চলাচল করত। গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে এসব বাস বন্ধ করে দেয় বরগুনা জেলা মিনিবাস মালিক সমিতি। বর্তমানে বেতাগী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বরগুনা জেলা সদরে এসে যাত্রীদের ঢাকার বাসে উঠতে হচ্ছে। এতে একদিকে তাদের আর্থিক ক্ষতি ও অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে, অন্যদিকে বেড়েছে বিড়ম্বনা। ঢাকার যাত্রী সোহরাব হোসেন বলেন, আগে বেতাগী থেকে বাসে উঠে সরাসরি ঢাকায় যাওয়া যেত। এখন ঢাকার বাস ধরার জন্য তিন-চার ঘণ্টা আগে বরগুনায় বসে থাকতে হয়। অনেক সময় সেখানে গিয়ে টিকিটও পাওয়া যায় না। আরেক যাত্রী দীপক চন্দ্র গুহ বলেন, ‘এই তিন মাস ধরে কী যে ভোগান্তি হচ্ছে, তা বলে বোঝাতে পারব না। মালামাল পরিবহনেও ঝামেলার অন্ত নেই। ব্যবসায়িক কারণে যাত্রীদের এমন ভোগান্তিতে ফেলার কোনো যুক্তি থাকতে পারে না।’ বেতাগীর একটি বাসের কাউন্টার ব্যবস্থাপক মো. নাসির উদ্দীন বলেন, কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই বরগুনা মিনিবাস মালিক সমিতির নেতারা ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়ে জনদুর্ভোগের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বেকার করে রেখেছে। এ বিষযে বরগুনা জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বেতাগী-ঢাকা রুটে সরাসরি বাসগুলো লোকাল যাত্রী পরিবহন করায় তাঁরা ক্ষতির মুখে পড়েছেন। এ ছাড়া বেতাগী থেকে বাকেরগঞ্জ পর্যন্ত যে বিকল্প রাস্তাটি রয়েছে সেটি খুবই নাজুক ও অপ্রশস্ত। তাই বাস চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় রুটটি বন্ধ করে দেওয়া হয়েছে।’