ঢাকা বোর্ডে সেরা ২০-এ ময়মনসিংহের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান
এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ময়মনসিংহ জেলার চারটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ষষ্ঠ, ময়মনসিংহ জিলা স্কুল অষ্টম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ১২তম ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৮তম স্থান অর্জন করেছে।
প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থী, নিয়মিত পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী, উত্তীর্ণ পরীক্ষার্থী, জিপিএ-৫-এর সংখ্যা, মোট জিপিএর যোগফলের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের করা তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শুধু বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্য প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ জিলা স্কুলের ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২১৬ জন জিপিএ-৫ পেয়েছে।