ঢাকা ভিক্ষুকমুক্ত করতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্ষুক পুনর্বাসনে সরকারের নানান উদ্যোগ থাকলেও বাস্তবতা ভিন্ন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাকে ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও ওই সব এলাকায় ভিক্ষুকেরা বহাল তবিয়তে আছেন। বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের জিম্মি করে ভিক্ষা চাওয়া, বিভিন্ন চক্রের মাধ্যমে ভিক্ষুকদের মাদক ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত করাসহ নানা ঘটনা ঘটছে। তাই ঢাকাকে ভিক্ষুকমুক্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে এ–সংক্রান্ত বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ঢাকা শহরের এলাকাকে তিনটি জোনে বিভক্ত করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। উত্তর সিটি করপোরেশনের বিমানবন্দর এলাকা ও হোটেল র্যাডিসনকে জোন–১, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাকে জোন–২–এ ভাগ করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের সোনারগাঁও হোটেল, হোটেল রূপসী বাংলা, বেইলি রোডকে জোন–৩ হিসেবে ভাগ করা হয়। এর আগে এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এই তিনটি জোনে সমাজসেবা অধিদপ্তর আবার অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। আদালত পরিচালনার সময় ভিক্ষারত অবস্থায় কাউকে পাওয়া গেলে তাঁদের ঢাকাসহ আশপাশের ছয়টি জেলায় সরকারি আশ্রয়কেন্দ্রে পুনর্বাসনের জন্য নেওয়া হবে। ভিক্ষুকমুক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, তা জানিয়ে মাইকিং করা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
২০১০ সাল থেকেই সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি পরিচালনা করছে। গত ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষাবৃত্তি বন্ধে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই ‘ভিক্ষুক পুনর্বাসন’ কার্যক্রম নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে এ কর্মসূচিতে কর্মসূচি পরিচালক হিসেবে নিয়োগ পান সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভাতা) সৈয়দা ফেরদৌস আক্তার। তিনি বলেন, যে ভিক্ষুকদের নিজ জেলায় পুনর্বাসন করা হয়েছিল, তাঁদের বেশির ভাগই পুনর্বাসন সামগ্রী নিয়ে আবার ঢাকায় চলে এসেছেন।