ঢাকা-মতলব সড়কের ১৭ কি.মি. খানাখন্দ
‘আগে ঢাকা-মতলব সড়কের দাউদকান্দি অংশে পেন্নাই থেকে কানাছোঁয়া পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক অতিক্রম করতে ৩০ মিনিট সময় লাগত। আর এখন গর্তের কারণে এই সড়ক অতিক্রম করতে এক ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। এ কারণে দাউদকান্দির দক্ষিণ অঞ্চলের এবং মতলব দক্ষিণ উপজেলার কয়েক হাজার লোক দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগ পোহাচ্ছে।’কথাগুলো বললেন, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের শিক্ষক সাইফুল ইসলাম ও বাবুরহাট গ্রামের শিক্ষক দেলোয়ার হোসেন।দাউদকান্দি থানা অটোটেম্পো মালিক সমবায় সমিতির সভাপতি টিপু জানান, এই সড়ক দিয়ে চলার অল্প কয়েক দিন পরই গাড়িগুলো লক্কড়ঝক্কড় হয়ে যায়।’বিটেশ্বর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘এই রাস্তার অবস্থা খুবই খারাপ। সড়কের ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা হচ্ছে। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে কোমর ও মাথাব্যথা হয়ে যায়। ছয় মাস ধরে উপজেলা সমন্বয় কমিটির সভা হচ্ছে না, আর এই কারণে রাস্তার ব্যাপারটি প্রশাসনকে অবহিত করতে পারছি না।’কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এ সড়কের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। কাজের জন্য ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদার কাজ শুরু করার পরপরই বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজ বন্ধ রেখেছেন। কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে।