ঢাকা-মস্কো সরাসরি ফ্লাইটে রাশিয়ার আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে আজ মঙ্গলবার তাঁর দপ্তরে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ সৌজন্যসাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদঢ় হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খান মেনন। পর্যটনসহ দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন ,বাংলাদেশ বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময় একটি দেশ । বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাত বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং আণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার উদ্যোগে পারমাণবিক বিভাগ চালু এবং এ বিভাগের শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তি প্রবর্তনের কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিমান চলাচল ও পর্যটন খাত বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী ঢাকা-মস্কো বিমান চলাচলের প্রস্তাবকে সময়োপযোগী উল্লেখ করে সম্ভাব্যতা যাচাইয়ের পর বিষয়টি বিবেচনার করা হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন।