ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মুরাদকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে শাহে আলম মুরাদের মাকান গ্রুপের কার্যালয়ের ঠিকানায় ১ ফেব্রুয়ারি চিঠিটি পাঠানো হয়। দুদকের চিঠিতে বলা হয়, ‘মাকান গ্রুপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সঙ্গে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।’ দুদকের তলবের বিষয়ে শাহে আলম মুরাদ বলেন, ‘লোকজনের মাধ্যমে তলবের বিষয়টি শুনেছি। এখনো কাগজটি পাইনি। আমার নামে কোনো কমপ্লেন হয়ে থাকলে আমি যাব।’
এদিকে শাহে আলম মুরাদ জোর করে মাকান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মাকান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিজনী ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মো. খায়রুল আলম এই অভিযোগ করেন। তিনি বলেন, ডিজনী ডিজাইন অ্যান্ড ডেভেলপার হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। তিনি তাঁর লোকজন নিয়ে হামলা করে অস্ত্রের মুখে সবাইকে বের করে দিয়েছেন। এখন কেউ প্রতিষ্ঠানে যেতে পারেন না। ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।
জানতে চাইলে শাহে আলম মুরাদ প্রথম আলোর কাছে এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ কনফার্ম হওয়ায় আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে।’ দলের ভেতরের প্রতিপক্ষই তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার করছে বলেও দাবি করেন তিনি।