ঢাকা মহানগর আওয়ামী লীগের সভায় হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা ও ওয়ার্ড কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল ও নেতাদের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে।
গতকাল রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। এ সময় বৈঠকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এক যুগ পর ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মকবুল হোসেন পল্লবী থানা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করতে গেলে হট্টগোলের সূচনা হয়। তাঁকে বাধা দেন পল্লবীর সভাপতি ও সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ কয়েকজন।
ইলিয়াস মোল্লাহ বলেন, হুট করে সম্মেলন দেওয়া যাবে না। তিনি মকবুলের দিকে হাত উঁচিয়ে বলেন, ‘আপনি সম্মেলনের তারিখ নির্ধারণের কে?’ গত নির্বাচনে ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ছাত্রলীগের সাবেক নেতা এস এ মান্নান। মকবুল হোসেন এস এ মান্নানের পক্ষে ছিলেন। এর রেশ ধরেই গতকাল দলীয় কার্যালয়ে হট্টগোল ও বাগিবতণ্ডা হয়।
পরে নেতাদের থামিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, মহানগর আওয়ামী লীগে কোনো গ্রুপিং চলবে না। নেতা হতে চাওয়ার আগে চিন্তা করবেন নিজের যোগ্যতা আছে কি না। খাদ্যমন্ত্রী বলেন, যাঁরা সম্মেলনের তারিখ নির্ধারণ করতে পারবেন না, তাঁদের মহানগরের পক্ষ থেকে তারিখ করে দেওয়া হবে। মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যেই কমিটি গঠন করতে হবে। এরপর আর সময় দেওয়া হবে না।
সভায় ১১ ফেব্রুয়ারি পল্লবী-রূপনগর, ১৫ ফেব্রুয়ারি কাফরুল, ১৭ ফেব্রুয়ারি রমনা, ২০ ফেব্রুয়ারি শাজাহানপুর থানা ও ৭২, ৭৩, ৭৪ নম্বর ওয়ার্ড, ২৩ ফেব্রুয়ারি ডেমরা থানা, ২৪ ফেব্রুয়ারি কোতোয়ালি, ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদপুর, ২৮ ফেব্রুয়ারি মিরপুর থানা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।