ঢাকা মহানগর আদালতে বিচারাধীন মামলার নথিবিন্যাসের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আওতাধীন বিভিন্ন আদালতে বিচারাধীন ও নিষ্পত্তি হওয়া মামলার নথি সঠিকভাবে সংরক্ষণের কাজ চলছে। এর পাশাপাশি শুরু হয়েছে আদালতকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ।আদালত সূত্র জানায়, গত শুক্র ও শনিবার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ ও অন্যান্য বিচারক উপস্থিত থেকে এ কাজের তদারক করেছেন। আগামী সপ্তাহেও এ কাজ অব্যাহত থাকবে বলে জানা গেছে।জানা যায়, দীর্ঘদিন ধরে নথিগুলো অযত্ন ও এলোমেলো অবস্থায় পড়ে আছে। ১১ মার্চ মহানগর দায়রা জজ আদালতের ১৩টি কক্ষ পরিচ্ছন্ন এবং মামলার নথিবিন্যাস করার সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে মহানগর দায়রা জজ আদালতগুলোর এজলাস-কক্ষ পরিষ্কার এবং মামলার নথিবিন্যাসের বিষয়টি তদারক করতে নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক, নাজির ও সংশ্লিষ্ট আদালতের বিচারকদের নির্দেশ দেওয়া হয়।মহানগর দায়রা জজ আদালতের নাজির উবায়দুল করিম আকন্দ জানান, অনেক ক্ষেত্রে দেখা যায়, মামলার নথির শ্রেণীবিন্যাস না থাকায় নথি খুঁজে পেতে সমস্যা হয়। নথি শ্রেণীবিন্যাসিত হলে এ ধরনের সমস্যা থাকবে না। তিনি আরও জানান, মহানগর দায়রা জজ আদালতের ১৩টি আদালতে ৪৫ হাজার মামলা বিচারাধীন। এ ছাড়া নিষ্পত্তি করা মামলার নথিও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, মহানগর দায়রা জজ আদালতের অধীনে ১৩টি আদালতে হত্যা, বিস্ফোরক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ রাজধানীর বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। ২০০৯ সালের ফৌজদারি আদেশ এবং নিয়মানুযায়ী নিষ্পত্তি হওয়া ও চলমান মামলার নথি শ্রেণীবিন্যাস করার বিধান রয়েছে। এরই আলোকে মহানগর দায়রা জজ ১১ মার্চ এ উদ্যোগ নেন।ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু প্রথম আলোকে বলেন, সুষ্ঠু বিচারব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে আদালতের সুন্দর পরিবেশ। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এর ফলে নিষ্পত্তি হওয়া ও চলমান মামলাগুলোর সর্বশেষ অবস্থা সহজেই জানা যাবে।ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এ এফ এম রেজাউল করিম বলেন, মহানগর দায়রা জজ আদালতের নথি সংরক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নথির শ্রেণীবিন্যাস না থাকার কারণে মামলা পরিচালনার সময় দেখা যায়, মামলার সাক্ষ্য এসেছে, কিন্তু নথি পাওয়া যাচ্ছে না। এ কারণে সাক্ষীকে ফিরিয়ে দিতে হয়। তিনি বলেন, সঠিকভাবে মামলার নথি বিন্যাস করা হলে আদালত ছাড়াও আইনজীবীরা এর সুফল ভোগ করবেন।