ঢাকা মহানগর জাপার সম্মেলন কাল
ছয় বছর পর ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কাল সোমবার। গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ।গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।ফিরোজ রশিদ বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে আছে। এবার তাঁরা সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি জানান, এরই মধ্যে মহানগরের (দক্ষিণ) অধীনে থাকা ২২টি থানায় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মহানগরের (উত্তর) অধীনের থানা কমিটিগুলোতে সম্মেলন চলছে। সেগুলো সমাপ্তির পর অচিরেই উত্তর শাখার সম্মেলনও অনুষ্ঠিত হবে।কাজী ফিরোজ রশিদ জানান, বিগত সময়ে নানা কারণে ঢাকা মহানগরে পার্টির পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। ফলে নির্বাচনসহ দলের কর্মসূচি পালনে নানা সমস্যা হয়েছে। এবার তাঁরা এসব সমস্যা দূর করতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন।অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও উপস্থিত ছিলেন। দলের নেতারা জানান, চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁদের ৯ মে এই সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। এরপর স্বল্পতম সময়ের মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।