ঢাকা মহানগর পুলিশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘ছয় মাসে ৮০০ আদেশ অমান্য, পুলিশের শৃঙ্খলা অমান্য করার উদ্বেগজনক চিত্র গোয়েন্দা প্রতিবেদনে’ সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রতিবাদে বলা হয়েছে, গত ছয় মাসে প্রতিবেদক ডিএমপি কমিশনারের আট শতাধিক আদেশ অমান্যের কথা উল্লেখ করেছেন। তিনি কীভাবে সংশ্লিষ্ট রেজিস্টার ছাড়া গুনে গুনে আট শতাধিক আদেশের কথা উল্লেখ করেছেন, তা বোধগম্য নয়। এই সংখ্যা নিরূপণ সম্পূর্ণ অনুমাননির্ভর। তা ছাড়া গোয়েন্দা সংস্থার বরাতে যে প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে, তার কোনো অস্তিত্ব নেই। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে সব গোয়েন্দা সংস্থার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।
প্রতিবাদে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের বিভাগীয় তদন্ত যথাযথভাবে ও যথাসময়ে আইনি কাঠামোর আওতায় নিষ্পত্তি হয়ে থাকে। এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে ডিএমপিতে নতুন যোগদানকৃত এসআই ও এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের ডিএমপি সদর দপ্তর থেকে বিভাগীয় পর্যায়ে বদলি করা হয়। একই বিভাগের মধ্যে সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার বদলি করে থাকেন। এ ক্ষেত্রে গুলশান থানার এক সহকারী পরিদর্শকের বদলির আদেশকে ঘিরে ডিএমপি সদর দপ্তর থেকে পাঁচ আদেশ জারিসংক্রান্ত তথ্য সঠিক নয়।
এ ছাড়া প্রতিবেদক উল্লেখ করেছেন, মাঠপর্যায়ে পুলিশ র্যাবকে প্রতিদ্বন্দ্বী মনে করে বলে উভয়ের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিরাজ করছে। র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে পুলিশ সদস্যরা উল্লসিত হন। এ কথা লিখে পুলিশের দুটি ইউনিটের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি তৈরি করা হয়েছে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং স্বরাষ্ট্রসচিব ও অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। প্রকাশিত প্রতিবেদনে সচিব মোজাম্মেল হকের বক্তব্য রয়েছে। তিনি ওই গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। প্রতিবেদনের কোনো তথ্য বা বক্তব্য সংশ্লিষ্ট প্রতিবেদকের নয়। প্রথম আলোর কাছে ওই প্রতিবেদন, এ-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিসহ যাবতীয় তথ্য রয়েছে।
এ ছাড়া প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদারকেও পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৯ অক্টোবর এ-সংক্রান্ত একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এ প্রতিবেদনের উদ্দেশ্য নয়। প্রতিবেদনে কয়েকজন অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। তাঁরা বিষয়টি অস্বীকার করেননি।