ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করা হতে পারে
বিএনপির ঢাকা মহানগর কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরকে দুটি সাংগঠনিক জেলায় বিভক্ত করা হতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
বিএনপির সূত্রগুলো জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক মাসের মধ্যে ঢাকা মহানগর কমিটি গঠনের তাগিদ দিয়েছেন। তবে এর আগে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড ও থানা কমিটিগুলো গঠন করা হবে।
নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত মহানগরের জন্য বর্তমান আহ্বায়ক কমিটির পরিবর্তে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হতে পারে। এ কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং দলের কেন্দ্রীয় কয়েকজন যুগ্ম মহাসচিবকে রাখা হবে। যুগ্ম মহাসচিবদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, বরকতউল্লা ও রুহুল কবির রিজভী থাকতে পারেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরের জন্য নতুন কমিটি হচ্ছে, এটা নিশ্চিত। তবে মহানগরকে ভেঙে দুটি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, ঢাকা মহানগরে একটি শক্তিশালী ও সক্রিয় কমিটি গঠনের পুরো বিষয়টি দলের চেয়ারপারসন দেখভাল করছেন। এ বিষয়ে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভবিষ্যতে কারা ঢাকা মহানগরের দায়িত্ব পাচ্ছেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, দলীয় প্রধান খালেদা জিয়া অপেক্ষাকৃত তরুণ ও রাজনীতিতে সক্রিয় নেতাদের কমিটিতে দেখতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদককে মহানগর কমিটিতে রাখার সম্ভাবনা রয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির বেশির ভাগ সদস্যকে নতুন কমিটিতে না রাখার সম্ভাবনা বেশি। বর্তমান কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা কারাগারে আছেন। তিনি মুক্ত হওয়ার আগেই এই কমিটি গঠনের কাজ শেষ হতে পারে। এ ছাড়া বর্তমান কমিটির সদস্যসচিব আবদুস সালাম ও ১৯ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে বেশির ভাগই নতুন কমিটি থেকে বাদ পড়তে পারেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে খালেদা জিয়া ঢাকা মহানগরের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বর্তমান কমিটিকে ব্যর্থ বলে উল্লেখ করে তাঁদের ভর্ৎসনা করেন।