ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে দলটির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এক সভায় ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠিত হয় বলে জানা গেছে।
দলটির মহানগর কমিটির এক নেতা জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন। তবে নতুন কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে। এ ছাড়া বাকি ২৯ জনের সবাই যুগ্ম আহ্বায়ক পদাধিকারী হবেন। নতুন কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।
ঢাকা মহানগর বিএনপির সর্বশেষ কমিটির আহ্বায়ক ছিলেন সাদেক হোসেন খোকা এবং সদস্যসচিব ছিলেন আবদুস সালাম।