ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ঢাকা মহানগর বিএনপির ৫৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্যসচিব করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে।
এ ছাড়া কমিটিতে চারজন উপদেষ্টা, ছয়জন যুগ্ম আহ্বায়ক ও ৪৫ জন সদস্য রয়েছেন।
গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে সাদেক হোসেন খোকা ও আবদুস সালামের নেতৃত্বাধীন মহানগর বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত হলো। প্রায় আড়াই বছর আগে খোকাকে আহ্বায়ক ও সালামকে সদস্যসচিব করে ওই কমিটি গঠন করা হয়। সেই কমিটি মহানগরে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনে ওই কমিটিকে ‘ব্যর্থ’ বলে খালেদা জিয়া নিজেই এর সমালোচনা করেন।
নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে মহানগরের সব ওয়ার্ড ও থানায় কমিটি গঠন করতে হবে। এর পরবর্তী এক মাসের মধ্যে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। সব কমিটিই নির্বাচনের মাধ্যমে করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে উপদেষ্টা করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, বিলুপ্ত কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব আবদুস সালামকে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। অন্য যুগ্ম আহ্বায়কেরা হলেন কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ, আবুল বাশার, নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু, এম এ কাইয়ুম, আবুল সাঈদ খান খোকন। ৪৫ জন সদস্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকতউল্লা, সাবেক সাংসদ এস এ খালেক, সাবেক ছাত্রনেতা আবুল খায়ের ভুঁইয়া, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন অসীম, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। এ ছাড়া ৩৬টি সাংগঠনিক থানার প্রতিটির জন্য একজন করে সদস্য আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।