ঢাকা-মাওয়া মহাসড়কে ফের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া সুপার মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার সকালে আবারও ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। একই দাবিতে জনতা এক সপ্তাহের মধ্যে আরও দুই দফা সড়ক অবরোধ করে।গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়ও একই দাবিতে গত সোমবার রাতে চন্দ্রা পল্লী বিদ্যুৎ সাবস্টেশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল নয়জনের নাম উল্লেখসহ দুই শতাধিক এলাকাবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িত অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার হলেন। সোমবার রাতে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা অবরোধ কর্মসূচিতে স্থানীয় কয়েক শ মানুষ অংশ নেয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে ১০টার পর মহাসড়কটিতে আবার যান চলাচল শুরু হয়। বিকেলে বিদ্যুৎ-পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনগণকে জানাতে মাওয়া চৌরাস্তায় জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভা হয়। সভায় এলাকাবাসী, পুলিশ সুপার ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এলাকাবাসী জানান, আশপাশের উপজেলাগুলোর তুলনায় লৌহজং উপজেলায় বিদ্যুৎ কম থাকে। ঘন ঘন লোডশেডিং করা হয়। তাঁরা স্থানীয় পল্লী বিদ্যুতের কার্যালয়ে এ ব্যাপারে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাই ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট। কিন্তু হাসনাবাদ গ্রিড থেকে এখানে বিদ্যুৎ আসে মাত্র আট মেগাওয়াট। এর মধ্যে শ্রীনগরে একটি সাবস্টেশন থাকায় সেখানে একটু বেশি বিদ্যুৎ সরবরাহ হয়। মাত্র আট মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে তিনটি উপজেলায় বিদ্যুৎ-পরিস্থিতি সন্তোষজনকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জি কে মনিরুজ্জামান বলেন, ‘মুন্সিগঞ্জে বিদ্যুতের চাহিদা ৭৫ মেগাওয়াট। কিন্তু হাসনাবাদ, মিরকাদিম ও মদনগঞ্জ গ্রিড থেকে গড়ে ৩৫ থেকে ৩৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এই বিষয়গুলো এলাকাবাসীকে বোঝাতে আজ মতবিনিময় সভা করেছি।’ লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, জনতা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন জানান, লৌহজংয়ে যাতে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পায়, সে জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।এদিকে কালিয়াকৈর থানার পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রায় বিদ্যুতের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল সকালে চন্দ্রা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মামলা করেন। ওই ঘটনায় সোমবার ঘটনাস্থল থেকে শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও ভুলো মিয়া এবং পরে এলাকার বিভিন্ন স্থান থেকে আমিনুল ইসলাম, পবিত্র চন্দ্র বিশ্বাস, ফারুক মিয়া ও শহিদ মিয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।