ঢাকা-মাওয়া শিমুলিয়া রুটে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে টোল আদায়ের প্রতিবাদে স্থানীয় বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪) গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। ফলে ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
ধর্মঘটের বিষয়ে শিমুলিয়া বাস মালিক সমিতির সহসভাপতি ও প্রচেষ্টা পরিবহনের মালিক মো. নোমান মিয়া জানান, মাওয়ায় পার্কিং ইয়ার্ড থাকার সময় ঢাকা-মাওয়া রুটে চলাচল করা বাস থেকে টোল আদায়ের কোনো নজির ছিল না। সম্প্রতি বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে পার্কিং ইয়ার্ডের নামে ইজারার কথা বলে বাসপ্রতি ৪০ টাকা করে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে ১৩টি পরিবহনের মালিক ও শ্রমিকেরা একমত হয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন। তিনি বলেন, অবৈধ টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
এই ধর্মঘটের কারণে গতকাল ঢাকায় যাওয়ার গাড়ি পাচ্ছিলেন না ফরিদপুরের শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এক ঘণ্টা ধরে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ঘাটে বসে আছি। ঢাকায় যাব গাড়ি পাচ্ছি না।’
আরেক যাত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের কথা কেউ ভাবে না। দ্রুত এর সমাধান না হলে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকবে না।’
শিমুলিয়া পার্কিং ইয়ার্ডের ইজারাদার লুৎফর রহমান তালুকদার জানান, বিআইডব্লিউটিএ থেকে দরপত্রের মাধ্যমে ইজারা নিয়ে সরকারের নির্ধারিত হারে ৪০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। এর আগে ঘাটে বাস রাখার পর্যাপ্ত জায়গা ছিল না। মালিকেরা ভাড়া করা জায়গায় বাস রাখতেন। এখন ৩০ কোটি টাকা ব্যয়ে শিমুলিয়ায় নতুন ঘাট নির্মাণ করা হচ্ছে। সরকারের রাজস্ব আদায়ে এই ধর্মঘট আহ্বান একটি বাধা। রাজস্ব না পেলে এতে সরকারেরই ক্ষতি হবে।
বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শিমুলিয়া ঘাটে সরকারের সিদ্ধান্তে পার্কিং ইয়ার্ড করা হয়েছে। ইজারাদারের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের আয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা না মানার কোনো কারণ নেই।