ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে টোল আদায়ের প্রতিবাদে স্থানীয় বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন শ্রমিক ইউনিয়নের (৪৯৪) ডাকা ধর্মঘট গতকাল রোববার রাতে প্রত্যাহার করা করেছে। এর আগে ধর্মঘটের কারণে ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শিমুলিয়া বাস মালিক সমিতির সহসভাপতি ও প্রচেষ্টা পরিবহনের মালিক মো. নোমান মিয়া জানান, রাত নয়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর বাস চলাচল শুরু হয়েছে। তিনি জানান, সম্প্রতি বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে পার্কিং ইয়ার্ডের নামে ইজারার কথা বলে বাসপ্রতি ৪০ টাকা করে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে ১৩টি পরিবহনের মালিক ও শ্রমিকেরা একমত হয়ে ধর্মঘট ডাকেন।
এই ধর্মঘটের কারণে গতকাল ঢাকায় যাওয়ার গাড়ি পাচ্ছিলেন না ফরিদপুরের শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এক ঘণ্টা ধরে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ঘাটে বসে আছি। ঢাকায় যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না।’
শিমুলিয়া পার্কিং ইয়ার্ডের ইজারাদার লুৎফর রহমান তালুকদার জানান, বিআইডব্লিউটিএ থেকে দরপত্রের মাধ্যমে ইজারা নিয়ে সরকারের নির্ধারিত হারে ৪০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। এর আগে ঘাটে বাস রাখার পর্যাপ্ত জায়গা ছিল না। মালিকেরা ভাড়া করা জায়গায় বাস রাখতেন। এখন ৩০ কোটি টাকা ব্যয়ে শিমুলিয়ায় নতুন ঘাট নির্মাণ করা হচ্ছে। সরকারের রাজস্ব আদায়ে এই ধর্মঘট আহ্বান একটি বাধা। রাজস্ব না পেলে এতে সরকারেরই ক্ষতি হবে।
বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শিমুলিয়া ঘাটে সরকারের সিদ্ধান্তে পার্কিং ইয়ার্ড করা হয়েছে। ইজারাদারের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের আয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা না মানার কোনো কারণ নেই।