ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে বাস ধর্মঘটে কাহিল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ার শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে টোল আদায়ের প্রতিবাদে ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে ধর্মঘট ডেকেছে বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪)।

আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকে বাস মালিক ও শ্রমিকেরা। প্রচণ্ড গরম ও বাস বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ধর্মঘটে যে সব বাস বন্ধ রয়েছে সেগুলো হলো আপন পরিবহন, ডিএম পরিবহন, ইলিশ পরিবহন, প্রচেষ্টা পরিবহন, গোধুলী পরিবহন, বিআরটিসি, গুনগুন পরিবহন, আনন্দ পরিবহন, আরাম পরিবহন, গ্রেট বিক্রমপুর প্রাইভেট লিমিটেড পরিবহন ও গ্রেট বিক্রমপুর পরিবহন।
ধর্মঘটের বিষয়ে শিমুলিয়া বাস মালিক সমিতির সহসভাপতি ও প্রচেষ্টা পরিবহনের মালিক মো. নোমান মিয়া জানান, মাওয়ায় পার্কিং ইয়ার্ড থাকা অবস্থায় ঢাকা-মাওয়া রুটে চলাচল করা বাস থেকে টোল আদায়ের কোনো নজির ছিল না। সম্প্রতি বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে ইজারা দিয়ে প্রতি বাসে ৪০ টাকা করে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে ১৩টি পরিবহনের মালিক ও শ্রমিকেরা একমত হয়ে আজ থেকে ধর্মঘট ডেকেছেন। তিনি বলেন, অবৈধ টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ফরিদপুরে সদরপুরের শহিদুল ইসলাম। তিনি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ঢাকা যাবেন। আজ সকালে শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘এক ঘণ্টা ধরে এখানে বসে আছি। একদিকে প্রচণ্ড গরম। অন্য দিকে বাস নেই। দুর্বিষহ অবস্থা। প্রচণ্ড গরমে শিশুদের নিয়ে কী করব বুঝতে পারছি না।’
আরেক যাত্রী ফরহাদ হোসেন জানান, ‘ভাই আমাদের কথা কেউ ভাবে না। ভাবলে এই গরমের মধ্যে বাস ধর্মঘট ডাকত না। দ্রুত এর সমাধান করা না হলে প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকবে না।’
শিমুলিয়া পার্কিং ইয়ার্ডের ইজারাদার লুৎফর রহমান তালুকদার জানান, বিআইডব্লিউটিএ থেকে দরপত্রের মাধ্যমে ইজারা নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত হারে ৪০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিমুলিয়া ঘাটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশাল পার্কিং ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। সেখানে ইজারাদারের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের আয়ের জন্য এই সিদ্ধান্ত। এটি না মানার কোনো কারণ নাই।