ঢাকা-মাওয়া সড়কে গণডাকাতি
ঢাকা-মাওয়া সংযোগ সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল প্রকল্পের সামনে গত মঙ্গলবার গভীর রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলেছে, এ ধরনের ডাকাতির ঘটনা তাদের জানা নেই।ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা জানান, ঢাকা-মাওয়া সংযোগ সড়কের ওই স্থানে পাইপ ফেলে ডাকাতদল রাস্তা অবরোধ করে। এ সময় ডাকাতদল রামদা, চাকুসহ ধারালো অস্ত্রের মুখে যানবাহন ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল লুটে নেয়। ডাকাতির শিকার হওয়া মাইক্রোবাসের যাত্রী বাংলাদেশ বিমান পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন সাঈদ মাহবুব হেলাল জানান, গত মঙ্গলবার রাতে তিনি মাদারীপুরের শিবচর উপজেলা থেকে রাত একটার দিকে রওনা দেন। রাত সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ৮-১০ জন ডাকাত তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, রাত সোয়া তিনটা থেকে চারটার মধ্যে ডাকাতেরা অন্তত ২০-২৫টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট করে। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ডাকাতির বিষয়টি আমি শুনিনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’