ঢাকা-মিরকাদিম সড়কে বিআরটিসি বাস চালু
ঢাকা-মিরকাদিম সড়কপথে গতকাল বৃহস্পতিবার থেকে বিআরটিসি (নন-এসি) বাস সার্ভিস শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১৫টি বাস দিয়ে এ পথে বাস চলাচল শুরু করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে আরও বাস বৃদ্ধি করা হবে। গতকাল দুপুর ১২টার দিকে মিরকাদিম পৌরসভাসংলগ্ন স্থানে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন। এ সময় মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম, মিরকাদিম পৌরসভার কাউন্সিল, নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওশাদ আহমেদ প্রমুখ। এ পথে বিআরটিসির বাসভাড়া ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম শাহীন বলেন, ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব এত কম হওয়া সত্ত্বেও বাস সার্ভিস ছিল অনুন্নত। যাত্রীদের অনেক কষ্ট করে ঢাকায় যাতায়াত করতে হয়। যাত্রীদের কষ্টের কথা চিন্তা করেই এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রথম দিনেই যাত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এ বিআরটিসি বাস। যাত্রীদের অনেকেই এ বাসে ঢাকায় যাওয়ার জন্য কাউন্টারে ভিড় করে।