ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জের ২৫টি পরিবহন মালিক সংগঠন আজ রোববার ওই সড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছে। এর পরও সরকার সড়কটি সংস্কারের ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে তারা। এদিকে ধর্মঘটের সমর্থনে পরিবহন মালিক ও শ্রমিকেরা গতকাল শনিবার নারায়ণগঞ্জ ও ফতুল্লায় মিছিল সমাবেশ করেছেন।ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরের এম এইচ ট্রেড লিংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুল হক তালুকদার বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক বেহাল থাকায় বিদেশি ক্রেতাদের কাছে লজ্জায় পড়তে হয়। রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বার্থে হলেও সড়কটির দ্রুত সংস্কার করা উচিত। পাগলা এলাকার ট্রাকচালক আবুল হোসেন জানান, ‘এই সড়কটি আমাদের কাছে অভিশাপে পরিণত হয়েছে। আতঙ্কে থাকি কখন কোন দুর্ঘটনা ঘটে। এ রকম অবস্থা চললে আমাদের পক্ষে ট্রাক চালানো সম্ভব হবে না।’ মুন্সিগঞ্জ-ঢাকা সড়কে নিয়মিত যাতায়াত করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মাসুম চৌধুরী। তিনি বলেন, ‘এটাকে সড়ক বলা যায় না। এই রাস্তায় চলার সময় প্রতিদিন আতঙ্কে থাকি।’ প্রতিদিন এই সড়ক দিয়ে চলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সরকার জানান, দীর্ঘদিন ধরেই এই সড়কের বিভিন্ন জায়গায় ভাঙাচোরা। পানিনিষ্কাশনের ব্যবস্থা না করে সংস্কার করায় খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে এই সড়ক। কোনো চক্র এই গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল অবস্থায় রাখার পেছনে কাজ করছে কি না, তা তদন্ত করে দেখা দরকার। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস-ট্রাক-কভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্যজোটের আহ্বায়ক মোক্তার হোসেন জানান, ঢাকা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ পুরোনো সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। চলতি সপ্তাহের মধ্যে সড়কটির সংস্কার ও মেরামতকাজ শুরু করার দাবি জানানো হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ পরিবহন মালিকেরা আজ রোববার ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করবে। এদিকে ধর্মঘটের সমর্থনে গতকাল বিকেলে ফতুল্লার পাগলা-মুন্সীখোলা তালতলা এলাকায় দক্ষিণ-পূর্বাঞ্চল ট্রাক-কভার্ড ভ্যান, লং ভেহিকেল মালিক-শ্রমিক ঐক্যপরিষদ, আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখা, জেলা ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি, মুন্সীখোলা ইট ও রড ব্যবসায়ী শ্রমিক কমিটির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। অন্যদিকে নারায়ণগঞ্জ শহরেও কভার্ড ভ্যান মালিক সমিতি সদস্যরা গতকাল দুপুরে ধর্মঘটের সমর্থনে সমাবেশ ও মিছিল করে।