ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের মুন্সিগঞ্জ থেকে পঞ্চবটী অংশ অবিলম্বে সংস্কারের দাবিতে গতকাল শনিবার জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বেলা ১১টার দিকে মুক্তারপুর সেতুর কাছে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় কমিউনিস্ট পার্টির দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় মানুষ অংশ নেন। প্রতিবাদ সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবি করা হয়। সভায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শ ম কামাল, সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুব আলম, শ্রমিক নেতা নাসিরউদ্দিন নাসু, আবদুস সোবহান প্রমুখ। শ ম কামাল বলেন, আড়াই বছরেরও বেশি হয়ে গেল মুক্তারপুর-ঢাকা সড়কের কোনো সংস্কার করেনি মহাজোট সরকার। দিনের পর দিন জনগণের দুর্ভোগ বাড়ছে। সে দিকে এ সরকারের কোনো দৃষ্টি নেই। এদিকে বিরোধী দল বিএনপিও সড়ক নিয়ে কোনো প্রতিবাদ-আন্দোলন করেনি। তারা ব্যস্ত তাদের নেত্রীর বাড়ি, পরিবার নিয়ে। জনগণের পক্ষে বিএনপিও নেই। তাই জনগণকে এই দুই দলের বাইরে বিকল্প শক্তির পক্ষে দাঁড়াতে হবে। হামিদা খাতুন বলেন, ‘যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কোনো অপরাধ বোধ নেই। জনগণের গালিগালাজ শুনে লজ্জা হয় না। তাঁকে মন্ত্রিত্ব থেকে বাদ দিতে পারবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি দলের বড় ডোনার।’বাস চলাচল বন্ধ: ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের খানাখন্দে ভরা অংশটি সংস্কারে গতকালও কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ফলে সড়কটি সংস্কারের দাবিতে এই রুটে বাস চলাচল গতকালও বন্ধ ছিল। মুন্সিগঞ্জ আন্তজেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সানাউল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। তাই এই রুটে বাস চলাচল বন্ধ আছে। দু-একটি বাস ঝুঁকি নিয়ে মাঝেমধ্যে যাওয়ার চেষ্টা করছে। অধিকাংশ বাস সিরাজদিখান ও শ্রীনগর হয়ে মাওয়া মহাসড়ক হয়ে ঢাকায় যাতায়াত করছে। সড়ক সংস্কারের দাবিতে ১৭ আগস্ট থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।