ঢাকা মেডিকেল এলাকায় উচ্ছেদ দোকানিদের ভাঙচুর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গতকাল রোববার শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এগুলোর বেশির ভাগই ভাসমান দোকান।
উচ্ছেদের সময় ভাসমান ব্যবসায়ীদের সঙ্গে ডিএসসিসির লোকদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে ব্যবসায়ীরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভাঙচুর চালান।
শাহবাগ থানার পুলিশ জানায়, ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিকেল পৌনে চারটার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানও অভিযানে ছিলেন। মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাসহ অতিরিক্ত আনসার লাঠিসোঁটা নিয়ে অভিযান চালান। হাসপাতালের সামনের ফুটপাতে বসা খাবার, ফলমূল, রিকশা মেরামতের দোকান—সবই উচ্ছেদ করা হয়। একপর্যায়ে উচ্ছেদ হওয়া দোকানি ও হকাররা জোট বেঁধে আনসারদের হামলা করলে আনসাররা পিছু হটেন। দোকানিরা এ সময় হাসপাতালের জরুরি বিভাগ কমপ্লেক্সের সামনে বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন।
ম্যাজিস্ট্রেট অতুল মণ্ডল বলেন, হাসপাতালের সামনে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। এ জন্যই সেখানে অভিযান চালানো হয়েছে।