ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শেখ মনির (৪২) ও মো. রমজান আলী (৩৫)।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, মুন্সিগঞ্জের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ মনির ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। মনিরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামে। সেখানে অসুস্থ হয়ে পড়ায় গতকাল সকাল ১০টার দিকে মনিরকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ সাখাওয়াত হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দণ্ডবিধির ৩২৬ ধারায় করা মামলায় মনিরের দুই বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। তিনি মানসিক রোগাক্রান্ত ছিলেন।
পৃথক ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে রমজান আলী রংপুর কারাগারে বন্দী ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১১ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল ওই হাসপাতাল থেকে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন। রমজানকে আবার হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। কারাধ্যক্ষ সাখাওয়াত বলেন, রমজান বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন।