ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে সহস্রাধিক চাকরিপ্রার্থী গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরের সামনে বিক্ষোভ করেন। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তাঁরা এই বিক্ষোভ করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৭১টি পদে নিয়োগ পরীক্ষার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন এই অভিযোগের তদন্ত করছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল আটটায় চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) পদে চাকরির জন্য আবেদনকারী সহস্রাধিক নারী-পুরুষ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরের সামনে জড়ো হন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে না পেরে তাঁরা একপর্যায়ে বিক্ষোভ, হইচই শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিচালকের দপ্তরের সামনে পুলিশ মোতায়েন করা হয় বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন।কুমিল্লা থেকে আসা আয়েশা বেগম বলেন, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার চিঠি না পেয়ে তিনি কয়েক দিন আগে হাসপাতালের কার্যালয়ে এসেছিলেন। তখন তাঁকে আজ (গতকাল) আসতে বলা হয়।এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতকাল সন্ধ্যার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের উপস্থিতিতে তাঁর দপ্তরে নিয়োগ কমিটির সদস্যরা নিয়োগপত্র তৈরি করছিলেন। এ খবর পাওয়ার পর পরীক্ষার সুযোগবঞ্চিত চাকরিপ্রার্থী, তাঁদের স্বজন ও হাসপাতালের কিছু কর্মচারী নেতা পরিচালকের দপ্তরের সামনে জড়ো হন। তাঁরা রাতের আঁধারে নিয়োগপত্র তৈরির প্রতিবাদ ও হইচই শুরু করেন। অবস্থা বেগতিক দেখে রাত ১০টার দিকে পরিচালক ও নিয়োগ কমিটির সদস্যরা পুলিশের সহায়তা নিয়ে দপ্তর ছেড়ে চলে যান।