ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে প্রত্যাহার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বজলে কাদেরকে তাঁর আগের কর্মস্থল সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়ছে। কর্মচারী নিয়োগে অনিয়ম ও আন্দোলনের মুখে বজলে কাদেরকে প্রত্যাহার করা হয়। নিয়োগ প্রক্রিয়া চলাকালে আবেদনকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অনিয়ম তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় আলমগীর নামের এক আবেদনকারী হাইকোর্টে রিট করেন। গত বছরের ২৩ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা শুরু হয়ে তা শেষ হয় ৩১ ডিসেম্বর। তদন্ত শেষ হওয়ার আগে ৩১ ডিসেম্বর নিয়োগপত্র বিতরণ করা হয়। এই নিয়োগকে অবৈধ দাবি করে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ২ জানুয়ারি থেকে বিক্ষোভ মিছিল করে আসছিলেন। ১৩ জানুয়ারি কর্মচারীদের হাতে আওয়ামী লীগ সমর্থিত চিকিত্সক সংগঠন স্বাচিপের দুই নেতা লাঞ্ছিত ও শিক্ষানবিশ চিকিত্সক আহত হন। ওই দিন চিকিত্সক-কর্মচারীরা বিতর্কিত নিয়োগ বাতিল ও পরিচালক বজলে কাদেরের অপসারণের দাবিতে ১৫ জানুয়ারি হাসপাতালে ধর্মঘট ডাকেন। আন্দোলনের মুখে স্বাস্থ্যমন্ত্রী ১৪ জানুয়ারি নিয়োগ স্থগিত করেন। গতকাল বজলে কাদেরকে সেনাবাহিনীতে প্রত্যাহার করা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর বজলে কাদেরের মৌখিক অনুমতিতে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কতিপয় কর্মচারী নেতা জরুরি বিভাগ ঘেঁষে একটি অবৈধ ওষুধের মার্কেট নির্মাণ শুরু করেছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা বাতিল হয়ে যায়।