ঢাকা মেডিকেল কলেজের গৌরব ফিরে পেতে একসঙ্গে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মলগ্ন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) শিক্ষার পাশাপাশি উন্নততর চিকিৎসাসেবা দিয়ে আসছে। এ ছাড়া বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম—সব ক্ষেত্রেই এই কলেজের অবদান অবিস্মরণীয়। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে এই প্রতিষ্ঠানের গৌরব অনেকটাই ম্লান হতে বসেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে এই কলেজের সাবেক শিক্ষার্থীরা হারানো গৌরব ফিরে পেতে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। গতকাল শনিবার ছিল ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৬ সালের ১০ জুলাই যাত্রা শুরু করেছিল দেশের এই শীর্ষ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এই দিনকে ‘ডিএমসি ডে’ হিসেবে পালন করেন কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকেরা। দিনটি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একত্রিত হয়েছিলেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করারও দাবি জানান।সকাল আটটায় কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন কলেজের শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কলেজে এসে শেষ হয়। ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট সারা দিনের অনুষ্ঠানের আয়োজন করে।এরপর জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের সাবেক ছাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। ডা. মিলন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের গ্রামাঞ্চলে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে। সে ওষুধ যাতে কেউ বাজারে বিক্রি করতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মেডিকেল কলেজগুলোতে শিক্ষকদের খালি পদ শিগগিরই পূরণ করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বেশির ভাগ সময় এ কলেজের উন্নয়নের জন্য কোনো কাজ হয়নি। তিনি বলেন, এই কলেজকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে বর্তমান সরকার প্রস্তুত রয়েছে। সাংসদ রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ অর্জনে ঢাকা মেডিকেল কলেজের অবদান অনেক। কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ প্রাচীনতম চিকিৎসা মহাবিদ্যালয়টিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবি জানান। ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের চেয়ারপারসন নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের সাবেক ছাত্র ও সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।দিনটিকে ঘিরে কলেজ ক্যাম্পাসে বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। বিকেলে চলচ্চিত্র প্রদর্শনী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।