ঢাকা মেডিকেল ছেড়ে পুলিশ কর্মকর্তারা অন্যত্র কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরের অভিযানে আহত ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা জরুরি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে চলে যাওয়ায় ঢাকা মেডিকেলের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা মেডিকেলে আস্থা না রাখতে পারার কারণে স্বজনেরা আহত তিনজনকে গত শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে নিয়ে যান।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান প্রথম আলোকে বলেছেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরবর্তী চিকিৎসার জন্য পর্যাপ্তসংখ্যক দক্ষ চিকিৎসক হাসপাতালেই ছিলেন। এরপরও জ্যেষ্ঠ চিকিৎসকদের ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা আসার আগেই আহত লোকজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল ছেড়ে তাঁরা অন্য হাসপাতালে কেন গেলেন? এমন প্রশ্নের উত্তরে হাসপাতালের পরিচালক বলেন, ‘আমরা কাউকে জোর করে রাখতে পারি না। আমি শুধু এটুকু বলতে পারি, আমাদের চিকিৎসা অবশ্যই সবার সেরা। তবে অন্য আনুষঙ্গিক সেবা বেসরকারি হাসপাতালে ভালো। সে কারণেই তাঁরা হয়তো গেছেন।’
গত শুক্রবার রাতে রূপনগর অভিযানে এক জঙ্গি নিহত এবং ওসিসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হন। রাত সোয়া নয়টার দিকে ওই তিন কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তাঁদের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। কিন্তু ওই সময় জরুরি বিভাগে কোনো জ্যেষ্ঠ চিকিৎসক ছিলেন না।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে শুক্রবার রাতে তিনি বলেছিলেন, ছুটির দিনের কারণে হাসপাতালে ঊর্ধ্বতন চিকিৎসকেরা ছিলেন না। বাধ্য হয়ে তাঁদের স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) মোছা. জেসমিন নাহার প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তারা যখন আসেন, তখন আটজন চিকিৎসক ছিলেন। এ ছাড়া অস্ত্রোপচারকক্ষে আরও তিনজন চিকিৎসক ছিলেন। জ্যেষ্ঠ চিকিৎসকদেরও আসতে বলা হয়েছিল। তবে তিনি নিজে এসে দেখেন আহত তিনজনকে অ্যাম্বুলেন্সে করে অন্যত্র নেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগে জ্যেষ্ঠ চিকিৎসকদের সার্বক্ষণিকভাবে দায়িত্ব দেওয়া হয় না। প্রয়োজনে তাঁদের ডাকা হয়।