ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স চাপা : চালক রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স–চাপায় চারজন নিহত হওয়ার ঘটনার মামলায় গ্রেপ্তার চালকের সহকারী সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোহেলই অ্যাম্বুলেন্সটি চালাতেন। আজ রোববার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সোহেল মিয়াকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানার পুলিশ। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হচ্ছেন গোলেনুর বেগম (২৫), তাঁর সাত বছরের ছেলে সাকিব, অন্তঃসত্ত্বা আমেনা বেগম (৩০) ও অজ্ঞাতনামা পুরুষ (৬০)। আহত ব্যক্তিরা হচ্ছেন নিহত গোলেনুরের ছয় মাস বয়সী ছেলে আকাশ, আমেনা বেগমের ছেলে সজীব (৮), বাচ্চু মিয়া (৩৫) ও রমজান আলী (৩০)।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শুক্রবার রাতে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার বাইরে গিয়েছিল। শনিবার সকালে সেটি ঢাকায় ফেরে। আরেকটি মৃতদেহ নিতে অ্যাম্বুলেন্সের মালিক ওয়ার্ড বয় মাহফুজুর ও মূল চালক সোহাগ তাঁর সহকারী সোহেলকে অ্যাম্বুলেন্সটি নিয়ে হাসপাতালের ভেতরে যেতে বলেন। জরুরি বিভাগের প্রবেশপথ দিয়ে যাওয়ার সময় সামনে একটি রিকশা পড়ে। রিকশা দেখে সোহেল অ্যাম্বুলেন্সের ব্রেকে চাপ দিতে গিয়ে এক্সেলেটরে চাপ দেন। ফলে এ দুর্ঘটনা ঘটে।