ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি মেডিসিনে ফেলোশিপ চালু
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ইমার্জেন্সি মেডিসিনে বাংলাদেশে প্রথমবারের মতো ফেলোশিপ কোর্স চালু হয়েছে। এক বছর মেয়াদি আন্তর্জাতিক মানের এ ফেলোশিপ সার্টিফিকেট দেওয়ার কার্যক্রম আজ মঙ্গলবার ঢাকা মেডিকেলে শুরু হয়েছে। দেশ ও বিদেশের যেকোনো হাসপাতালের জরুরি বিভাগে পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক তৈরিতে এই ফেলোশিপ প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখবে।
ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার নতুন উদ্যোগ ‘পেন গ্লোবাল ইমার্জেন্সি মেডিসিন প্রোগ্রাম’–এর আওতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এটি চালু করতে বীর মুক্তিযোদ্ধা শহীদ চিকিৎসক অধ্যাপক শামসুদ্দিন আহমেদের ছেলে যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার চিকিৎসক অধ্যাপক নাহরীন আহমেদ উদ্যোগ নেন। বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ কোর্স বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশে এ কার্যক্রমের পরিচালক ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবদুল হানিফ টাবলু।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ফেলোশিপ প্রোগ্রামে দুই মাস পরপর দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপকেরা বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে–কলমে প্রশিক্ষণ দেবেন। বছর শেষে একটি পরীক্ষার মাধ্যমে যাঁরা পাস করবেন, তাঁদের আন্তর্জাতিক মানের এ সনদ দেওয়া হবে। প্রতিবছর মাত্র ২৫ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে, যাঁরা পরে ইমার্জেন্সি মেডিসিন বিভাগে কাজ করবেন।
সরকারি চিকিৎসক ছাড়াও কিছু বেসরকারি হাসপাতাল ও মিলিটারি হাসপাতালের চিকিৎসকদেরও সুযোগ দেওয়া হবে।
এই ফেলোশিপ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন চিকিৎসক মির সাদউদ্দিন আহমেদ। তিনি যুক্তরাষ্ট্র থেকে ইমার্জেন্সি মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।