ঢাকা মেডিকেলে এমআরআই ও সিটি স্ক্যান যন্ত্র অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) ও সিটি স্ক্যান যন্ত্রটি প্রায় দেড় মাস থেকে অচল। ফলে দ্বিগুণ অর্থ ব্যয় করে বেসরকারি হাসপাতাল থেকে এই দুটি পরীক্ষা করতে হচ্ছে রোগীদের। এতে আর্থিক সমস্যার পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনেরা ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৪০০ রোগী ভর্তি হন। তাঁদের অন্তত ৫০ জনের সিটি স্ক্যান ও এমআরআই করার প্রয়োজন হয়।
গত সোমবার ঘাড়ের হাড়ে ব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আবুল খায়ের। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁর এমআরআই করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের এমআরআই যন্ত্র খারাপ। পরে তিনি একটি বেসরকারি হাসপাতাল থেকে এমআরআই করান।
রুমা আক্তার নামে আরেক রোগীর স্বজন বলেন, তাঁর বাবা স্ট্রোক করেছেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সিটি স্ক্যান করতে বলেছেন। কিন্তু হাসপাতালের সিটি স্ক্যান যন্ত্রটি খারাপ হওয়ায় তাঁর বাবাকে নিয়ে বাইরে যেতে হয়েছে।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক খাজা আবদুল গফুর বলেন, এমআরআই যন্ত্রটি মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই যন্ত্রটি ঠিক করা হবে। সিটি স্ক্যান যন্ত্র সম্পর্কে তিনি বলেন, এটি ঠিক করতে জাপান থেকে একটি যন্ত্রাংশ আনা হয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় আবার নতুন করে যন্ত্রাংশটি আনা হচ্ছে।
ভুক্তভোগী একাধিক রোগীর স্বজন অভিযোগ করেছেন, অনেক সময় রোগীর জরুরি সিটি স্ক্যানের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে যন্ত্রটি নষ্ট থাকায় অনেক সময়ক্ষেপণ হয়। এতে রোগীর অবস্থা আরও অবনতি হয়। তা ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীর পরিবারই অসচ্ছল। হাসপাতালের বাইরে থেকে কোনো পরীক্ষা করতে হলে অতিরিক্ত অর্থ ব্যয় হয়। এতে অনেক পরিবারই সমস্যায় পড়েন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করতে সাড়ে তিন হাজার টাকা এবং সিটি স্ক্যান করতে দুই হাজার টাকা খরচ হয়। কিন্তু বেসরকারি হাসপাতালে এমআরআই করতে বেশি টাকা খরচ হয়। অনেক পরিবারকেই এই অতিরিক্ত অর্থসংস্থানে বেগ পেতে হয়।