ঢাকা মেডিকেলে কিশোরের লাশ রেখে পালাল সঙ্গীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৫) লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে বহনকারীরা পালিয়ে গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। কিশোরের মাথায় জখম রয়েছে।হাসপাতাল সূত্র জানায়, দুপুর দুইটার দিকে অচেতন অবস্থায় এক কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই যুবক। ওই কিশোর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে তাঁরা জানান। পরীক্ষার পর চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। এর পর থেকে তাকে বহনকারী ওই দুই যুবককে পাওয়া যায়নি। কিশোরের পরনে ছিল নীল রঙের জিন্স ও হলুদ শার্ট।বেলা তিনটার দিকে উত্তর বাড্ডার শাহজাদপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়। উত্তেজিত জনতা ওই বাসটি ভাঙচুর করে এবং চালককে পিটুনি দেয়। পশ্চিম মেরুল বাড্ডায় রোববার মধ্যরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খিলগাঁও ফ্লাইওভারের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট।