ঢাকা মেডিকেলে নিয়োগ বহাল রাখার দাবিতে গায়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে আগুন ধরিয়ে নিয়োগ বাতিলের প্রতিবাদ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গায়ে আগুন ধরিয়ে দেন কয়েকজন নিয়োগবঞ্চিত ব্যক্তি।গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, এর আগের নিয়োগ-প্রক্রিয়ায় যাঁরা আবেদন করেছিলেন তাঁদের আবেদন বহাল রেখে খুব দ্রুত নতুন নিয়োগ-প্রক্রিয়া শুরু হবে। ওই নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত ১২ জন পুরুষ ও একজন নারী গতকাল বিকেলে শহীদ মিনারে তাঁদের শরীরে আগুন ধরিয়ে দেন। তাঁদের গায়ে ছিল কাফনের কাপড়। কাপড়ে আগুন লেগে যাওয়ার পরপরই সতীর্থরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সাংবাদিকদের জানান, কারও কারও শরীরের ৪ থেকে ৫ শতাংশ পুড়ে গেছে। একজন আন্দোলনকারী জানান, এখানে প্রায় সবাই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে গত জানুয়ারি মাসে চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন। ঘুষের অঙ্ক ৫০ হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত গড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, হাসপাতালের ১৭১টি পদের বিপরীতে ৩৫৪ জনকে নিয়োগ দেওয়া হয়। এতে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়ায় গত ২৯ এপ্রিল এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সরকার।