ঢাকা মেডিকেলে পলেস্তারা খসে রোগীর স্বজন আহত
ঢাকা মেডিকেলের নাক, কান, গলা (ইএনটি) বিভাগে ৩০৩ নম্বর ওয়ার্ডের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগীর স্ত্রী আহত হয়েছেন। আহত নারীর নাম রুচিয়া বেগম (৫৫)। তাঁর স্বামী গোলাপ মিয়া ইএনটি বিভাগে ভর্তি ছিলেন। আজ শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
রুচিয়া বেগমের ভাগনে আবদুর রহমান সাংবাদিকদের বলেন, গোলাপ মিয়া গত ২৮ জানুয়ারি ইএনটি বিভাগের তৃতীয় তলায় ৩০৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি হন। গোলাপ মিয়ার সঙ্গে তাঁর স্ত্রী রুচিয়া বেগমও হাসপাতালে থাকতেন। আজ বেলা একটার দিকে ওই ওয়ার্ডের শৌচাগারে যাওয়ার সময় সেখানকার পলেস্তারার একটি অংশ খসে পড়ে। এতে রুচিয়া বেগমের মাথা ও মুখমণ্ডলে আঘাত লাগে। পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে জানিয়ে ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পলেস্তারা খসে পড়ার ঘটনা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’