ঢাকা মেডিকেলে পানির সংকট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ইউনিট ও বিভাগে পানির সংকট চলছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তিন দিন ধরে পানি নেই। পানির অভাবে চরম সংকটে আছেন রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক প্রথম আলোকে জানিয়েছেন, পানির সমস্যায় শুধু রোগীরা ভুগছেন তা-ই নয়, চিকিৎসকেরাও সমস্যায় পড়েছেন।
গতকাল রাত নয়টায় বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, কোথাও পানি নেই। বহু মানুষকে বাইরে থেকে পানি নিয়ে হাসপাতালে ঢুকতে দেখা যায়।
পানির অভিযোগ করেছেন রোগীদের সঙ্গে থাকা বহু স্বজন। কুষ্টিয়া থেকে আসা এক রোগীর স্বজন বলেন, দুই-তিন দিন ধরে পানির সংকট চলছে। অন্য একজন রোগীর স্বজন বলেছেন, এমনিতেই গরম অনেক বেশি, তার ওপর সারা দিনে তিনি গোসল করতে পারেননি।
এসব রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, পানির অভাবে তাঁরা টয়লেটে যেতে পারছেন না, কাপড়চোপড় পরিষ্কার করতে পারছেন না। খাবার পর থালা-বাটি পরিষ্কার করতে পারছেন না। এক নারীকে দেখা যায়, বাইরে থেকে আনা পানি দিয়ে বাটি ও গ্লাস পরিষ্কার করছেন। এমনিতেই বার্ন ইউনিটে অন্য কোনো জায়গার চেয়ে গন্ধ বেশি। পানি না থাকায় অবস্থা চরম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের কোথাও কোথাও পানি নেই। ১০২ ও ১০৩ নম্বর ওয়ার্ডের পাশের টয়লেটে গিয়ে দেখা যায়, সেখানেও পানি নেই।