ঢাকা মেডিকেলে প্রসূতির আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে গতকাল শনিবার জায়েদা বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বলেছেন, জায়েদা আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জায়েদার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। স্বামী সেলিম মিয়া। ১০ দিন আগে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। এরপর চার দিন আগে জায়েদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এ পঞ্চম তলায় ভর্তি করা হয়। জায়েদা গতকাল বেলা ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে ওয়ার্ড থেকে বের হন এবং আর ফিরে না এসে পঞ্চম তলা থেকে লাফ দেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জায়েদার বোন সাদিয়া বেগম সাংবাদিকদের জানান, দুই বছর আগে রডমিস্ত্রি সেলিমের সঙ্গে জায়েদার বিয়ে হয়। সন্তানসম্ভবা হওয়ার পর ছয় মাস আগে সেলিম জায়েদাকে বাবার বাড়িতে রেখে যান। হাসপাতালে ভর্তি করার পরও স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে জায়েদার কোনো খোঁজখবর নেওয়া হয়নি। এ কারণে রাগে-দুঃখে জায়েদা আত্মহত্যা করেছেন।
সূত্র জানায়, জায়েদার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।