ঢাকা মেডিকেলে ভারতীয় নাগরিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় আনা বিশ্বজিৎ শীল ওরফে ডেভিড (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভারতীয় নাগরিক।
হাসপাতালে বিশ্বজিৎকে নিয়ে আসেন ওয়াহিদুজ্জামান নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্বজিৎ কলকাতার নিউটাউন এলাকার বাসিন্দা। ভারতে একটি স্যাটেলাইট টেলিভিশনের কারিগরি সহায়তা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা তিনি। তিনি ওই প্রতিষ্ঠানের হয়ে বাংলাদেশে ব্যবসা করেন। ওয়াহিদুজ্জামান এ ব্যবসার সঙ্গে যুক্ত জানিয়ে আরও বলেন, কলকাতায় সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বিশ্বজিৎ। তবে তিনি কোন গণমাধ্যমের, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওয়াহিদুজ্জামান।
ওয়াহিদুজ্জামান জানান, ব্যবসায়িক কাজে বিশ্বজিৎ প্রায়ই ঢাকায় আসতেন। গত শুক্রবার তিনি ঢাকায় গুলিস্তানের একটি আবাসিক হোটেলে ওঠেন। গতকাল দুপুরে তাঁকে নিয়ে বের হন বিশ্বজিৎ। কিন্তু হরতালের আগের দিন ঝামেলা হতে পারে বলে বিশ্বজিৎ তাঁকে চলে যেতে বলেন। নিজেও হোটেলকক্ষে ফিরে যান। হোটেলের নিবন্ধন খাতায় পরিচিত বাংলাদেশি হিসেবে তাঁর (ওয়াহিদুজ্জামান) মুঠোফোন নম্বর দেওয়া ছিল। বিকেল চারটার দিকে হোটেল থেকে তাঁকে ফোন করে জানানো হয় বিশ্বজিৎ অসুস্থ। তিনি একটি ছেলেকে পাঠিয়ে নিজে রামপুরার বাসা থেকে মোটরসাইকেলে রওনা দেন। হোটেলের সামনে গিয়ে দেখেন, বিশ্বজিৎকে অচেতন অবস্থায় নিচে নামানো হয়েছে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যাপারে যথাযথ প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’ বিশ্বজিৎ সাংবাদিক কি না জানতে চাইলে তিনি নিশ্চিত করতে পারেননি।