ক্যানসার চিকিৎসায় রশ্মি থেরাপি দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি মাত্র লিনিয়ার এক্সিলারেটর যন্ত্র আছে। তবে সেটি নষ্ট। এর ফলে দৈনিক গড়ে ৮০ জন রোগী এখানে এই চিকিৎসাটি পাচ্ছেন না। কর্তৃপক্ষ বলেছে, ‘শিগগিরই’ যন্ত্রটি ঠিক হয়ে যাবে।
সম্প্রতি ঢাকা মেডিকেলের ক্যানসার বিভাগের দোতলায় গিয়ে রোগীর ভিড় চোখে পড়ে। সবাই আছেন চিকিৎসকের ডাকের অপেক্ষায়। বসার জন্য পর্যাপ্তসংখ্যক চেয়ার না থাকায় অনেকে দাঁড়িয়ে, কেউবা মেঝেতে বসে আছেন। রোগীদের কেউ এসেছেন বরিশাল থেকে, কেউ রামগড় থেকে আবার কেউ ঢাকার কেরানীগঞ্জ থেকে।
কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন ফটক দিয়ে ঢুকলে হাতের বাঁয়ে ক্যানসার চিকিৎসার জন্য পৃথক ভবন তৈরি হয়েছে। ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। এখানে বছর ছয়েক আগে বসানো হয়েছিল লিনিয়ার এক্সিলারেটর যন্ত্র। চিকিৎসকেরা বলেছেন, এই যন্ত্র দিয়ে এমনভাবে রশ্মি দেওয়া হয়, যাতে মানুষের শরীরের শুধু ক্যানসার-আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়, আশপাশের কোষের ক্ষতি হয় না। যন্ত্রটি পরিচালনা করেন একজন পদার্থবিদ। বিশেষজ্ঞ চিকিৎসক, পদার্থবিদ ও অন্য সহযোগীদের নিয়ে একটি দল এই যন্ত্রের মাধ্যমে ক্যানসার চিকিৎসা দেয়।
বিশেষভাবে তৈরি এই ভবনের নিচতলায় গিয়ে দেখা যায়, ২৮ নম্বর কক্ষটি বন্ধ। এ কক্ষেই রাখা লিনিয়ার এক্সিলারেটর যন্ত্রটি। বেলা একটার দিকে এক ব্যক্তি বাইসাইকেল নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন। বললেন, তিনি ওই কক্ষেই কাজ করেন। আরও বললেন, লিনিয়ার এক্সিলারেটর যন্ত্রটি নষ্ট চার মাস ধরে। তাই যন্ত্র দিয়ে চিকিৎসা বন্ধ। তবে হাসপাতাল ঘুরে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যানসারের অন্যান্য চিকিৎসা চালু আছে।
রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক প্রথম আলোকে বলেন, যন্ত্রটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালানো হতো। দৈনিক ৮০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হতো। তিন থেকে চার মাস যন্ত্রটি নষ্ট হয়ে আছে।
‘যন্ত্র সারানোর কী উদ্যোগ নিয়েছেন?’ এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক মহিউদ্দিন ফারুক বলেন, ‘আমরা নিজেরা সারানোর উদ্যোগ নিতে পারি না। পরিচালককে জানিয়েছি। তিনি উদ্যোগ নিয়েছেন। শুনেছি, সব প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করছি, শিগগিরই আবার চিকিৎসা শুরু করতে পারব।’
যন্ত্রের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেলের উপপরিচালক খাজা আবদুল গফুর বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ হয়েছে। যে কোম্পানি যন্ত্র সরবরাহ করেছিল, তাদের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। আশা করি, শিগগিরই যন্ত্রটি সচল হবে।’