ঢাকা মেডিকেলে সাততলা থেকে লাফ দিয়ে এক রোগীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচ থেকে মো. সোহান (১৯) নামে এক রোগীর থেঁতলে যাওয়া
লাশ উদ্ধার করা হয়েছে। স্বজন ও পুলিশ বলছে, সোহান সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সোহানের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনপিলায়। তাঁর বাবা সাহাদাত হোসেন ছয় মাস আগে মারা গেছেন। চার ভাইবোনের মধ্যে সোহান ছিলেন দ্বিতীয়। রাজধানীর যাত্রাবাড়ীতে ইলেকট্রনিকসের যন্ত্রাংশ বিক্রির দোকানে তিনি কাজ করতেন। ২৪ আগস্ট জ্বর ও বমি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ৭০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার জজ মিয়া সাংবাদিকদের বলেন, ভবনের নিচে সোহানের লাশ পড়ে ছিল। তাঁর মাথা থেঁতলে গেছে। সবার অগোচরে সাততলা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
সোহানের চাচাতো ভাই জিয়াউর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সোহানের বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দেখাশোনার ভার তাঁর ওপর পড়ে। মাস দুয়েক আগে তাঁর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। তাঁকে খেতে না ডাকলে খেতেন না। কারও সঙ্গে কোথাও গেলে অন্যদিকে চলে যেতেন। ২৪ আগস্ট অসুস্থ হলে সোহানকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এক ফুফাতো ভাই সোহানের সঙ্গে হাসপাতালে ছিলেন। এরপর খাওয়াদাওয়ার জন্য তিনি বাসায় আসেন। পাশের বেডের এক রোগীর স্বজন রাতে ফোন দিয়ে বলেন, সোহান বিছানায় নেই। তারও কিছুক্ষণ পর ফোন দিয়ে জানান, ভবনের নিচে একটি লাশ পাওয়া গেছে।
পরে ওই ফুফাতো ভাই হাসপাতালে গিয়ে সোহানের লাশ শনাক্ত করেন।
জিয়াউর বলেন, সোহানের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে।