ঢাকা মেডিকেলের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র মো. নাহালের (৩৮) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিষজাতীয় পদার্থ পানের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাহালের পরিবার ও সহপাঠীরা জানান, বারবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি বিষপান করেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নাহাল ২০ বছর আগে কে-৪৭ ব্যাচে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তখন থেকে তিনি কলেজের ফজলে রাব্বি ছাত্রাবাসের এ/৮ নম্বর কক্ষে থাকতেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের শৌচাগারে গোঙানির শব্দ শুনে ছাত্রাবাসের ক্যানটিনের মালিক এমরান হোসেন সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় দেখেন। তিনিসহ কয়েকজন নাহালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ২ নম্বর ওয়ার্ডে (মেডিসিন ওয়ার্ড) চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটায় তিনি মারা যান। চিকিৎসকেরা জানান, নাহাল বিষজাতীয় তরল পদার্থ পান করেন।এমরান হোসেন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টায় নাহাল ক্যানটিনে নাশতা করে বাইরে যান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ছাত্রাবাসে ফিরে প্রথমে নিজ কক্ষে ও পরে শৌচাগারে যান। শৌচাগার থেকে উদ্ধারের সময় তাঁর মুখে বিষজাতীয় তরল পদার্থ লেগে ছিল এবং তাঁর পাশে বিষের শিশি ছিল। তিনি জানান, ক্যানটিনে বসে নাহাল প্রায়ই পরীক্ষায় পাস না করার বিষয়টি বলতেন। বলতেন, অর্থসংকটের কথা। সহপাঠীরা জানান, নাহালের রুমমেট বিশ্বজিৎ এবার পাস করে ঢাকা মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে যোগ দিয়েছেন। বারবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি বিষণ্নতায় ভুগছিলেন।নাহালের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসীর গ্রামে। খবর পেয়ে তাঁর চাচা মাহতাবউদ্দিন গ্রাম থেকে সন্ধ্যায় ঢাকায় আসেন। তিনি প্রথম আলোকে জানান, এই মৃত্যু নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই তিনি লাশ গ্রামে নিয়ে যাবেন। নাহালের বাবা মৃত আবুল খায়ের। তিনি দুই ভাই, দুই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।