ঢাকা মেডিকেলের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা রিমান্ডে একজন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কোয়ার্টারের একটি কক্ষ থেকে গত বৃহস্পতিবার আটক করা দুই চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। এই মামলায় অভিযুক্ত নারী চিকিৎসকের বন্ধু রেজওয়ানুর রহমানকে গ্রেপ্তার করে গত শনিবার দুই দিনের রিমান্ডে নিয়েছে। আর ওই নারী চিকিৎসক পলাতক আছেন।
শাহবাগ থানার পুলিশ বলেছে, ঢাকা মেডিকেলের এক নারী চিকিৎসকের সঙ্গে রেজোয়ানের সম্পর্ক ছিল। ওই নারী চিকিৎসকের স্বামীও ঢাকা মেডিকেলের চিকিৎসক। বর্তমানে তিনি থাইল্যান্ডে প্রশিক্ষণে আছেন। গত বৃহস্পতিবার রাতে নারী চিকিৎসক তাঁর বন্ধুকে নিয়ে তাঁর স্বামীর থাকার কক্ষে ঢোকেন। এ খবর পেয়ে নারী চিকিৎসকের শ্বশুর-শ্বাশুড়ি সেখান থেকে তাঁদের দুজনকে আটক করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, নারী চিকিৎসকের শ্বশুর বাদী হয়ে গত শুক্রবার মধ্যরাতে পুত্রবধূ ও পুত্রবধূর বন্ধুর বিরুদ্ধে চুরি ও ব্যাভিচারের মামলা করেন। এই মামলায় রেজওয়ানকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। নারী চিকিৎসককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।