মাসের ছয় দিন পার হলেও বেতন পাচ্ছেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় দেড় হাজার কর্মচারী। গতকাল এ নিয়ে হাসপাতালে হইচই-হট্টগোল হয়। এদিকে নিয়োগ কমিটির সবার অনুমোদন ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ এমএলএসএস পদে লোক নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয় সূত্র একে পুরোপুরি অবৈধ বলে মত দিয়েছে।গতকালও বেতন পাননি হাসপাতালের কর্মীরা: সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতনের টাকা ব্যাংকে থাকলেও কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে তা তোলা যাচ্ছে না। অবসরকালীন ছুটিতে যাওয়ার আগে ভারপ্রাপ্ত উপপরিচালক ফয়জুল্লাহ বেতনের টাকা ব্যাংক থেকে তোলার দায়িত্বে ছিলেন। পরিচালক তাঁকে দিয়ে নিয়োগের মতো কাজ করালেও বেতন তোলার ব্যবস্থা করেননি।বিক্ষুব্ধ কর্মচারীরা বলেন, প্রতি মাসের ১ ও ২ তারিখে তাঁরা বেতন পান। এ মাসের ৬ তারিখ পার হয়ে গেলেও তাঁরা এখনো বেতন পাননি।হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক জসিমউদ্দিন বলেন, ‘সাবেক কর্মকর্তা ফয়জুল্লাহ বেতন দেওয়ার দায়িত্বে ছিলেন। ফয়জুল্লাহ এলপিআরে যাওয়ায় কর্মচারীদের বেতন তোলা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। হাসপাতালের পরিচালক আমাকে ভারপ্রাপ্ত উপপরিচালকের দায়িত্ব দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বেতন দেওয়ার বিষয়ে পরিচালককে অনুমোদন দিলে বেতন জটিতলতার অবসান হবে।’নিয়োগ জটিলতা চলছেই: কমিটির সবার সুপারিশ ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমএলএসএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগ পাওয়া দুজন গতকাল বুধবার হাসপাতালে যোগও দিয়েছেন। হাসপাতালের প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর পদে গত ২৩ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা শুরু হয়। নিয়োগ কমিটির চারজন কর্মকর্তার উপস্থিতিতে এ পরীক্ষা নেওয়া হয়। এ কমিটির সভাপতি হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের, সদস্যসচিব একই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফয়জুলল্লাহ। অন্য দুজন সদস্য হলেন সংস্থাপন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব।নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে, কমিটির সবার সুপারিশ ছাড়া নিয়োগপত্র তৈরি করা অবৈধ। কিন্তু এমএলএসএস পদে কমিটির সবার সই না নেওয়া হলেও নিয়োগপত্র তৈরি করে তা বিতরণ করা হয়।পরিচালককে কারণ দর্শাও নোটিশ: তাত্ক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হওয়া কর্মকর্তা ফয়জুল্লাহ কীভাবে এত দিন দাপ্তরিক কাজ করছেন এবং নিয়োগ কমিটির সদস্যসচিব হয়েছেন, সে বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বজলে কাদেরের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। গত সোমবার তাঁকে কারণ দর্শাতে বলেছে মন্ত্রণালয়। জবাবে বজলে কাদের বলেছেন, লোক না থাকায় তাঁকে নিয়োগ কমিটিতে রাখতে হয়েছে।ফয়জুল্লাহ গত ১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান। এর আগে তাঁকে স্ট্যান্ড রিলিজ করা হলেও তিনি হাসপাতালে দায়িত্ব পালন করছেন।