চার দিনের ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আবারও বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ১০ তলার এ ভবনটিতে বিদ্যুৎ ছিল না। হাসপাতালের জেনারেটরটিও সচল ছিল না। এতে রোগীরা দুর্ভোগে পড়েন।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দুই ঘণ্টা পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। জেনারেটরের সংযোগ তারও পুড়ে যাওয়ায় তা চালু করা যায়নি।
হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবন–সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২–এর ১০ তলা ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভাপসা গরমে সেখানে চিকিৎসাধীন কয়েক শ রোগী দুর্ভোগে পড়েন। লিফটের বিকল্প কিংবা ঢালু পথ না থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের আনা-নেওয়া ব্যাহত হয়। স্বজনদের অনেকে রোগীদের ঘাড়ে ও কোলে করে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন কক্ষে নেন।
হাসপাতালের এই ভবনে মেডিসিন, কার্ডিওলজি, কিডনি, অ্যান্ড্রোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, হেমাটোলজি, ফিজিওথেরাপি বিভাগ ও ব্লাডব্যাংক রয়েছে।
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজিয়া বেগম নামের একজন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁকে ভর্তি করা হলেও তিনি পাঁচতলায় ওয়ার্ডে যেতে পারেননি।
দোহার নবাবগঞ্জ থেকে আসা সাবজান (৮০) নামের এক রোগীকে প্রথমে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নতুন ভবনের ষষ্ঠ তলায় তাঁকে ভর্তি করার পরামর্শ দেন। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পরও বিদ্যুৎ না আসায় ওই রোগীর স্বজন তাঁকে কোলে করে সিঁড়ি দিয়ে ওপরে তোলেন।
পাঁচতলায় চিকিৎসাধীন হৃদ্রোগে আক্রান্ত মোক্তার হোসেন ইসিজি করানোর জন্য নিচে নামেন। বিদ্যুৎ চলে যাওয়ায় উঠতে পারছিলেন না।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল গফুর প্রথম আলোকে বলেন, শর্টসার্কিটের কারণে নতুন ভবনের বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। দায়িত্বরত প্রকৌশলীদের তত্ত্বাবধানে তা মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
উপবিভাগীয় প্রকৌশলী জাফরুল ইসলাম বলেন, ১৪ জুন বৈদ্যুতিক শটসার্কিটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২–এর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাঁরা অনুসন্ধান করে জেনেছেন, হাসপাতালে বর্জ্য পোড়ানোর কারণে সৃষ্ট তাপে গতকাল বিদ্যুৎ লাইনের দুটি তার পুড়ে গিয়েছিল। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১৪ জুন একই ঘটনা ঘটেছিল বলে তিনি জানান।