ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আগুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলায় গতকাল মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ড হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, বেলা পৌনে দুইটার দিকে বার্ন ইউনিটের ৩১৭ নম্বর কক্ষে আগুন লাগার খবর পান। দুই মিনিটের মাথায় সদর দপ্তর থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রথমেই উদ্ধারকারী দলের সদস্যরা তৃতীয় তলায় চিকিৎসাধীন নয়জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়। এরপর আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তিনি বলেন, ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে ৩১৭ নম্বর কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছেন।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।